ফটিকরায়ে সন্ধ্যারাতে দুঃসাহসিক চুরি, প্রায় ১৬ লক্ষ টাকার সোনা-নগদ লুট
কুমারঘাট (ত্রিপুরা), ১৬ মে (হি.স.): ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ইন্দিরা কলোনী গ্রামে সন্ধ্যারাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি সোনা ও নগদ ৮০ হাজার টাক
দুঃসাহসিক চুরি


কুমারঘাট (ত্রিপুরা), ১৬ মে (হি.স.): ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ইন্দিরা কলোনী গ্রামে সন্ধ্যারাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি সোনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই ঘটনায় তাঁদের আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, ইন্দিরা কলোনী গ্রামের বাসিন্দা সুব্রত বড়ুয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সুব্রত বড়ুয়া জানান, শুক্রবার বিকেলে তিনি ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো দোকানে যান। পরে তাঁদের ছেলে ও পুত্রবধূ বাড়িতে তালা দিয়ে পাশের গ্রামে চড়ক মেলা দেখতে যান। রাত প্রায় আটটা নাগাদ তাঁদের ছেলে সুমিত বড়ুয়া বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা-জানালা খোলা এবং ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

পরিস্থিতি দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ফটিকরায় থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পরিবারের অভিযোগ, চোরেরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের সবকটি আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক সুব্রত বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এই এলাকায় বসবাস করছেন, কিন্তু এর আগে কখনও সন্ধ্যারাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটতে দেখেননি।

সুমিত বড়ুয়া জানান, চড়ক মেলা থেকে ফিরে এসে চুরির বিষয়টি জানতে পেরে তিনি স্তম্ভিত হয়ে পড়েন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande