
কলকাতা, ১৯ মে (হি. স.) : বাংলার ক্রীড়াজগতে স্বচ্ছতা আনতে এবং দীর্ঘদিনের পরিবারতন্ত্র ও স্বজনপোষণ ভাঙতে এবার অত্যন্ত কড়া বার্তা দিল রাজ্য সরকার। ক্রীড়া প্রশাসনকে রাজনীতির প্রভাব মুক্ত করে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার নব মহাকরণে নিজের চেম্বারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, ক্রীড়াক্ষেত্রে কোনোভাবেই আর 'নেপোটিজম' বা স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। বিগত ১৫ বছর ধরে বিশেষ করে জেলা স্তরের বহু ক্রীড়া প্রশাসনে যেভাবে পরিবারতন্ত্র গেড়ে বসেছে, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রী বলেন, এর ফলে রাজ্যের প্রকৃত প্রতিভাবান খেলোয়াড়রা দিনের পর দিন পিছিয়ে পড়েছেন। বাংলার ক্রীড়ামোদীদের জন্য এই পদক্ষেপকে এক নতুন সূর্যোদয়ের বার্তা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করেছেন যে, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলির কাজকর্মের ওপর কড়া নজরদারি চালাতে এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য দুটি পৃথক অ্যাডভাইজারি কমিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দফতর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়িত করতে তৎপর রয়েছে। এই কমিটিগুলি গঠিত হলে জেলা ও রাজ্য স্তরের ক্রীড়া সংস্থাগুলির কার্যকলাপে স্বচ্ছতা আসবে এবং রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কাটিয়ে যোগ্য অ্যাথলিটরা আন্তর্জাতিক স্তরে উঠে আসার সুযোগ পাবেন বলে আশাপ্রকাশ করেছেন মন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত