
গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : অসমের মন্ত্রী অতুল বরাকে আসন্ন অসম বিধানসভার প্রথম অধিবেশন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য অতুল বরা বর্তমানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি দফতরের দায়িত্বে রয়েছেন।
জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি দফতরের মন্ত্রী শ্রী অতুল বরাকে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সংসদীয় বিষয়ক দফতরের বিষয়গুলিও দেখভালের অনুমতি প্রদান করেছেন রাজ্যপাল।’ ষোড়শ বিধানসভার প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হবে, আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দিনের অধিবেশন ২৬ মে পর্যন্ত চলবে।
অতুল বরা ছাড়া হিমন্তবিশ্ব শর্মার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত অন্যান্য মন্ত্রীরা যথাক্রমে অজন্তা নেওগ, রামেশ্বর তেলি এবং চরণ বড়ো।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস