
আগরতলা, ১৯ মে (হি.স.) : ভালোবাসার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলেন ২১ বছরের তরুণ সুব্রত নমঃ। দীর্ঘ সাড়ে তিন বছরের সম্পর্কের পর একসময় সেই স্বপ্ন ভেঙে যায়। শেষবারের মতো প্রেমিকাকে ফোন করেছিলেন তিনি। তারপর নিথর দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকেই। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আমতলি থানার অন্তর্গত মধুবন রানিখামার এলাকায়।
মৃত সুব্রত নমঃ (২১) মধুবন রানিখামার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ১৬ মে রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবারের অভিযোগ, লঙ্কামুড়া এলাকার অবন্তিকা সরকারের (কাল্পনিক নাম) সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে সুব্রত-র প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবার বিষয়টি জানত বলেও দাবি তাঁদের। এমনকি তরুণীর পরিবার সুব্রত-র সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিল বলে জানিয়েছেন মৃতের বাবা-মা।
কিন্তু সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পরিস্থিতি আচমকাই বদলে যায়। সুব্রত-র পরিবারের দাবি, অবন্তিকা এবং তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ জানিয়ে দেন, এই বিয়ে আর হবে না। এই সিদ্ধান্তে সুব্রত ভেঙে পড়েছিলেন। পরিবারের কথায়, ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন দেখা ছেলেটি মানসিকভাবে একেবারে ভেঙে যায়।
সুব্রত-র মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার ছেলে তাঁকে প্রাণ দিয়ে ভালোবাসত। ওর জন্য যা যা চেয়েছে, সাধ্যের বাইরে গিয়েও সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। বিয়ের আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত ওকে ফিরিয়ে দেওয়া হল। আমার ছেলেটা সেই আঘাত সহ্য করতে পারল না।”
পরিবারের আরও অভিযোগ, সম্পর্ক চলাকালীন সময়ে সুব্রত অবন্তিকা এবং তাঁর পরিবারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করেছেন। বিভিন্ন সামগ্রী কিনে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। এখন তাঁদের একটাই দাবি—ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
সুব্রত-র বোন বলেন, “দাদা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিল, তাঁদের বিয়ে হবে। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। সেই কষ্ট দাদা মেনে নিতে পারেনি।”
শোকে ভেঙে পড়া পরিবার মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেছে। তাঁদের প্রশ্ন, প্রতিশ্রুতি দিয়ে কেন এক তরুণের স্বপ্ন ভেঙে দেওয়া হলো?
ঘটনার তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ। তবে এক প্রাণবন্ত তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না আর অনন্ত শূন্যতা। সুব্রত-র অসমাপ্ত স্বপ্ন আর অপূর্ণ ভালোবাসার গল্প আজ মধুবন রানিখামারের বাতাসকে ভারী করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ