
জব্বলপুর, ২ মে (হি.স.): জব্বলপুরে ক্রুজ ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ক্রুজে থাকা কয়েকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এসডিওপি লোকেশ দাওয়ার বলেন, শনিবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী একটানা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। ডুবুরিরাও সকাল থেকে কাজ করছে। এখনও পর্যন্ত আমরা আর কোনও মৃতদেহ বা জীবিত ব্যক্তির বিষয়ে কোনও খবর পাইনি। উল্লেখ্য, ৩০ এপ্রিল ক্রুজটি ডুবে যায়, এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।
এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রীরা নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, যাত্রীদের ঠিক মতো লাইফজ্যাকেট দেওয়া হয়নি। ক্রুজে যখন জল ঢুকছিল, সেই সময় যাত্রীদের লাইফজ্যাকেট দেওয়া হয়। ইনল্যান্ড ভেসেলস অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, প্রত্যেক যাত্রীকে সঠিক লাইফজ্যাকেট দিতে হবে জলযাত্রা শুরুর আগে। কিন্তু এই ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেই নিয়ম মানা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ