
নয়াদিল্লি, ২ মে (হি.স.): হাসপাতালে ভর্তি উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন পরিস্থিতি স্থিতিশীল। অজয় রাইয়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শনিবার সমাজ মাধ্যমে জানান, আমি খবর পেয়েছি, উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই অসুস্থ। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
অজয় রাইয়ের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি জানান, উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাইয়ের অসুস্থতার খবরে আমি উদ্বিগ্ন। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আশা করি তিনি তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবেন এবং পূর্ণ শক্তিতে পুনরায় জনসেবার কাজে ফিরে আসবেন।
উত্তর প্রদেশ কংগ্রেসের তরফে শনিবার জানানো হয়েছে, উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই অসুস্থতার কারণে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর অবস্থার এখন উন্নতি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ