
আরামবাগ, ২১ মে (হি.স.) : গোঘাট থানার পুলিশের তৎপরতায় বড়সড় মাদক পাচার রুখে দেওয়া হল। মান্দারণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে একটি ডিজায়ার গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা বর্ধমানের দিকে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ বিশেষ নজরদারি শুরু করে।
এরপর হাজীপুর এলাকা থেকে সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়ার পর মান্দারণ পর্যটন কেন্দ্রের কাছে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক প্যাকেটে ভরা প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতদের পরিচয় জানার পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে কোনও পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে গাঁজা আনা হচ্ছিল এবং রাজ্যের কোন কোন এলাকায় তা সরবরাহ করার পরিকল্পনা ছিল, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিভিন্ন জেলায় মাদক পাচারের ঘটনা বাড়তে থাকায় গোঘাট থানার পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। তারই জেরে এই সাফল্য এসেছে বলে মনে করছে প্রশাসন।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA