অসম্পূর্ণ নিউ হাফলং রেলস্টেশনের আধুনিকীকরণ, অসন্তোষ বিভিন্ন মহলে
হাফলং (অসম), ২১ মে (হি.স.) : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ হিসেবে গড়ে তোলার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। স্টেশনের আধুনিকীকরণ নিয়ে বিভিন্ন মহল ও রেলযাত্রীদের মধ্যে ক্ষোভ এবং নানা প্রশ্ন
অসম্পূর্ণ নিউ হাফলং রেলস্টেশনের আধুনিকীকরণ


হাফলং (অসম), ২১ মে (হি.স.) : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ হিসেবে গড়ে তোলার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। স্টেশনের আধুনিকীকরণ নিয়ে বিভিন্ন মহল ও রেলযাত্রীদের মধ্যে ক্ষোভ এবং নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ ২০২২ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও বিভিন্ন স্টেশনে উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে ২০২৩ সাল থেকে শুরু হয়। নিউ হাফলং রেল স্টেশনকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। তবে তিন বছর পেরিয়ে গেলেও আধুনিকীকরণের কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্টেশনের নতুন ওয়েটিং হলকে ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যাত্রীদের প্রশ্ন, ওয়েটিং হল-এর নির্মাণকাজ আদৌ সম্পূর্ণ হয়েছে কি না। যদি এখনও কাজ চলমান থাকে, তাহলে এত দামি আসবাবপত্র আগে থেকেই ব্যবহারের জন্য খুলে দেওয়া হল কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

রেলযাত্রীদের অভিযোগ, ওয়েটিং হল-এ কোনও দরজা লাগানো হয়নি। ফলে রাতে ট্রেনের অপেক্ষারত যাত্রীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি যে-কেউ সহজেই প্রবেশ করে আসবাবপত্রের অপব্যবহার বা ক্ষতি করতে পারে। এতে সরকারি অর্থে কেনা মূল্যবান সামগ্রীর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়া পুরো ওয়েটিং হলজুড়ে মাছির উপদ্রব রয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বিশাল হলঘরের জন্য মাত্র পাঁচটি ছোট ফ্যান বসানো হয়েছে, যার মধ্যে আবার দুটি দীর্ঘদিন ধরে বিকল। ফলে গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও রেলযাত্রীরা অভিযোগ করে বলেন, জনসাধারণের টাকায় নির্মিত এ ধরনের পরিকাঠামোর যথাযথ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ না থাকলে তা শুধু অর্থের অপচয়ই নয়, সাধারণ মানুষের সঙ্গে চরম অবহেলার সামিল।

এই পরিস্থিতিতে দীর্ঘ তিন বছরেও নিউ হাফলং রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ না হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। স্থানীয় মানুষ ও রেলযাত্রীরা অবিলম্বে স্টেশনের আধুনিকীকরণের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande