বিলোনিয়ায় গরু চুরি কাণ্ডে বড় সাফল্য পুলিশের, মেলাঘর থেকে আটক ৩
বিলোনিয়া (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় দীর্ঘদিন ধরে চলতে থাকা গরু চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে সিপাহীজলা জেলার মেলাঘর এলাকা থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের
তিন চোর আটক


বিলোনিয়া (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় দীর্ঘদিন ধরে চলতে থাকা গরু চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে সিপাহীজলা জেলার মেলাঘর এলাকা থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সবুজ মিয়া, ইমরান হোসেন এবং এক নাবালক। বৃহস্পতিবার তাঁদের বিলোনিয়া আদালতে তোলা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে।

এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া থানার ওসির কক্ষে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার । তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই গরু চুরি চক্রের সঙ্গে ২০- ২৫ জনের একটি সংঘবদ্ধ গ্যাং জড়িত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

পুলিশ সুপার বলেন, “এটি একটি সংঘঠিত চক্র। তদন্তের স্বার্থে আমরা একাধিক জায়গায় অভিযান চালাচ্ছি। এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, এলাকায় সন্দেহজনক গতিবিধি কিংবা অবৈধভাবে গবাদি পশু পরিবহন নজরে এলে দ্রুত নিকটবর্তী থানায় খবর দিতে। পুলিশের পক্ষ থেকে গোটা জেলায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত এপ্রিল থেকে বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে অন্তত ৫২টি গরু চুরির অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্ষতিগ্রস্ত পরিবার একাধিকবার পথ অবরোধ, বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে।

ক্রমবর্ধমান চাপের মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তদন্তে নেমে প্রযুক্তিগত সূত্র, বিশেষ করে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মেলাঘর এলাকায় সন্দেহভাজনদের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর মেলাঘর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং পরে তাঁদের বিলোনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে চক্রের মূল হোতাদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া গবাদি পশু কোথায় পাচার করা হয়েছে এবং এর সঙ্গে আন্তঃজেলা বা আন্তঃরাজ্য চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande