
রায়গড়, ২৫ মে (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় রবিবার গভীর রাতে পথ দুর্ঘটনায় কমপক্ষে আট পর্যটক মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহাবালেশ্বর-পোলাদপুর রোডের আম্বেনালি ঘাটের কাছে একটি দ্রুতগতির স্করপিও গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে গভীর খাদে পড়ে যায় স্করপিও গাড়়িটি।
খবর পেয়ে পোলাদপুর থানার পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন তাঁরা।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত স্করপিওতে সাতারা জেলার কোরেগাঁও তালুকের আসগাঁও গ্রামের পর্যটকরা ছিলেন। তাঁরা দাপোলি থেকে সাতারার দিকে যাচ্ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, খাদের গভীরতা বেশি হওয়ায় এবং গভীর রাতে দুর্ঘটনা ঘটার কারণে বেশ বেগ পেতে হয় উদ্ধার কাজে। তবে সোমবার ভোর হতেই উদ্ধার কাজে গতি আসে। উদ্ধার হয়েছে ৮টি দেহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ