
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): নয়ডার তরুণী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। ত্বিষার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্ষ কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার ঘটনার তদন্ত করতে সিবিআই-কে দায়িত্ব দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত, অবিলম্বে ওই ঘটনার তদন্তভার নেওয়া। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত, কেবল মাত্র তদন্তকারী সংস্থার কাছেই বক্তব্য পেশ করা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার যেহেতু ইতিমধ্যেই সিবিআই-কে তদন্ত করতে অনুরোধ করেছে, তাই এই মুহূর্তে আদালত এই মামলায় কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন মনে করছে না।
মধ্যপ্রদেশ সরকার এদিন প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছে, তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে।
আদালত সংবাদ মাধ্যম এবং মামলার উভয় পক্ষকে গণমাধ্যমের কাছে কোনও বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেছে। প্রধান বিচারপতি বলেন, “তরুণীর পরিবার অথবা অপর পক্ষের পরিবারের কোনও বক্তব্যের ওপর নির্ভর করবেন না। তা না হলে, এক পক্ষ বলছে, বিচার বিভাগ সুষ্ঠু বিচার হতে দিচ্ছে না। আমাদের রাজ্য সংস্থা বা সিবিআই-এর ওপর কোনও সন্দেহ নেই। কেবল এক ধরনের আখ্যান তৈরি করা হচ্ছে বলেই এমনটা হচ্ছে। আমরা নিশ্চিত করব যে, এই দুর্ভাগ্যজনক ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ