
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): দিল্লি ও হরিয়ানার মোট ৩,৩৩২ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পের গুণগত মান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের পর্যালোচনা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। প্রকল্পগুলির সময়সীমা মেনে বাস্তবায়ন, গুণগত মানের কড়া নজরদারি এবং বর্ষার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আয়োজিত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা ও হর্ষ মালহোত্রা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)-র আধিকারিক, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারেরা। সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যম থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই পর্যালোচনা করা হয়।
বৈঠকে গড়করি মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানো, গুণগত মানের নজরদারি আরও শক্তিশালী করা এবং আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন। তাঁর মতে, এর ফলে সড়কের আয়ু বৃদ্ধি পাবে, যাত্রার মান উন্নত হবে এবং গুরুত্বপূর্ণ রুটে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা সম্ভব হবে। এছাড়াও, বর্ষার আগেই আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে রয়েছে জলনিকাশি ব্যবস্থাকে কার্যকর করা, ঢালু অংশে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং কোনও বাধা তৈরি হলে দ্রুত পদক্ষেপের জন্য জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা প্রস্তুত রাখা, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যান চলাচল ব্যাহত না হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস