
পাটনা, ২৬ মে (হি.স.): বিহারে দীর্ঘদিন ধরে অমীমাংসিত রাজস্ব সংক্রান্ত মামলাগুলি নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজস্ব ও ভূমি সংস্কারমন্ত্রী ডঃ দিলীপ কুমার জয়সওয়াল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মিউটেশন (দাখিল-খারিজ), পরিমার্জন, ই-মেজারমেন্ট, জনঅভিযোগ সংক্রান্ত সমস্ত বকেয়া মামলার নিষ্পত্তি আগামী ১৫ দিনের মধ্যে করতেই হবে। নির্ধারিত সময়ের পর ফের পর্যালোচনা করা হবে এবং গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে পশ্চিম চম্পারণ, বৈশালী ও সহর্ষা জেলার রাজস্ব সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। পর্যালোচনায় বহু ক্ষেত্রে কাজের ধীরগতি এবং বিপুল সংখ্যক বকেয়া আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সাধারণ মানুষকে রাজস্ব দফতরের বারবার চক্কর কাটতে বাধ্য করা যাবে না। মানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে।বৈঠকে উঠে আসে, বহু ক্ষেত্রে মিউটেশন সংক্রান্ত আবেদন ‘ত্রুটি’ দেখিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে। কিন্তু আবেদনকারীদের স্পষ্টভাবে জানানো হচ্ছে না, কোথায় কী সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি নির্দেশ দেন, প্রতিটি আবেদনে কী কী ত্রুটি রয়েছে, তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন। মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে ধর্মঘট-সহ বিভিন্ন কারণে রাজস্ব সংক্রান্ত কাজ ব্যাহত হয়েছে। তবে এখন আর কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত, এমনকি সপ্তাহের সাতদিন কাজ করেও সমস্ত বকেয়া মামলার নিষ্পত্তি করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দেন তিনি।
বৈঠকে বিভাগীয় সচিব জয় সিং অঞ্চল আধিকারিকদের সঙ্গে মিউটেশন, পরিমার্জন, ই-মেজারমেন্ট, সরকারি জমির যাচাই, রাজস্ব মহাঅভিযান, সহযোগ শিবিরে জমা পড়া আবেদন, কৃষক নথিভুক্তিকরণ এবং এডিএম স্তর পর্যন্ত বকেয়া মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। বৈঠকে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, বিধায়ক এবং দফতরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস