
আগরতলা, ২৬ মে (হি.স.) : রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ দুর্গা চৌমুহনী সবজি বাজারে টানা তিনদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বিদ্যুৎ নিগমের উদাসীনতা ও সময়মতো মেরামত না হওয়ায় ক্ষোভ ক্রমেই বাড়ছে ব্যবসায়ী মহলে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই বাজার। তবে রবিবার সকালে বৃষ্টির সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মঙ্গলবার পর্যন্তও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
বিদ্যুৎ না থাকায় বাজারে নানান সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্র চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি বাজারে আলো না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের আরও অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ নিগমের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবারই “দেখছি” বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নিলে বাজারের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এদিকে বিদ্যুৎ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ