
শিলং, ২৮ মে (হি.স.) : তিন দিনের সফরসূচি নিয়ে আগামীকাল শুক্রবার মেঘালয় আসছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তিনদিনের সফরে এসে তিনি ২০২৬ সালের ৩৯-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্যালোচনা করার পাশাপাশি ক্রীড়া পরিকাঠামো প্রকল্পগুলি পরিদর্শন করবেন এবং রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন খতিয়ে দেখবেন।
সরকারি সূত্রে জানা গেছে, ৩১ মে পর্যন্ত রাজধানী শিলঙে একাধিক বৈঠক এবং অনুষ্ঠানে অংশগ্রহন করবেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তাঁর সঙ্গে থাকবেন মেঘালয়ের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শাকলিয়ার ওয়ারজ্রি এবং রাজ্যের ঊর্ধ্বতন আধিকারিকরা।
৩০ মে তাঁর সফরের অন্যতম প্রধান আকর্ষণ। এদিন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী শাকলিয়ার ওয়ারজ্রি সহ অন্যদের উপস্থিতিতে শিলঙে ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।
১৩২.৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কমপ্লেক্সে বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং ভলিবলের মতো ইনডোর খেলাগুলির আয়োজন করা যাবে। এটি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম ভেন্যু হিসেবেও ব্যবহৃত হবে বলে আশা করছে রাজ্য। এই কমপ্লেক্সে বহুমুখী হল, অডিটোরিয়াম এবং ব্যাঙ্কোয়েট সুবিধাও থাকবে, যা রাজ্যের বৃহত্তর ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ।
সফরকালে মেঘালয় সরকার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ৩৯-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার হোস্ট স্টেট চুক্তিতে স্বাক্ষর করবে। এই অনুষ্ঠানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় মন্ত্রী মান্ডাভিয়া জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পৌরোহিত্য করবেন। সেখানে মেঘালয় এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের আধিকারিকরা পরিকাঠামো ও সমন্বয় সংক্রান্ত উপস্থাপনা ও আলোচনা করবেন।
এছাড়া উমসাওলি স্পোর্টস কমপ্লেক্সও পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ । সেখানে অ্যাকোয়াটিকস ও টেনিস সুবিধা সহ চলমান ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন কাজ পর্যালোচনা করা হবে।
ক্রীড়া সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি ৩১ মে র-ভোই জেয়ায় ‘পূর্বোত্তর সম্পর্ক সেতু’ উদ্যোগের অধীনে কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রকল্পগুলির বাস্তবায়নও পর্যালোচনা করবেন তিনি। এছাড়া সফরকালে যুব বিষয়ক দফতরের আয়োজিত ‘চিন্তন শিবির’-এ অংশ নেবেন মান্ডাভিয়া।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর সফরকে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আগে উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং যুবসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস