
প্যারিস, ৩মে(হি.স.) : ২০২৭ সালের আফ্রিকা কাপ অফ নেশনস ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে শনিবার ঘোষণা দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। তবে উগান্ডা, কেনিয়া বা তানজানিয়ার মধ্যে কোন দেশ উদ্বোধনী ম্যাচ বা ফাইনালের আয়োজক হবে, তা নিশ্চিত করা হয়নি।
আয়োজকদের প্রস্তুতি নিয়ে উদ্বেগ নিরসনের পর ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিল তারিখগুলো অনুমোদন করেছে। এর আগে সিএএফ সভাপতি প্যাট্রিস মোৎসেপে টুর্নামেন্টটি ২০২৮ সাল পর্যন্ত বিলম্বিত করার একটি প্রস্তাবের বিরোধিতা করেছিলেন।
“পূর্ব আফ্রিকায় আফকন আয়োজন নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমাদের অঙ্গীকার অটুট রয়েছে,” মোৎসেপে বলেছেন।
তিনটি দেশে আয়োজিত হতে চলা এই প্রথম আসরটির মাধ্যমে ১৯৭৬ সালে ইথিওপিয়ায় অনুষ্ঠিত আসরের পর প্রথমবারের মতো টুর্নামেন্টটি পূর্ব আফ্রিকায় ফিরবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি