নারী শক্তি বিল ঘিরে রাজনৈতিক সংঘাত, বিজেপিকে আক্রমণ কংগ্রেসের
আগরতলা, ৩ মে (হি.স.) : মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যদি সত্যিই সাহস থাকে, তবে বিজেপি সরকার লোকসভার ৫৪৩টি আসনের
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৩ মে (হি.স.) : মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যদি সত্যিই সাহস থাকে, তবে বিজেপি সরকার লোকসভার ৫৪৩টি আসনের ভিত্তিতে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল উত্থাপন করুক। কংগ্রেস সেই বিলকে নিঃশর্ত সমর্থন জানাবে।”

‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি দাবি করেন, দেশজুড়ে এই বিল নিয়ে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলছে। সংসদের বিশেষ অধিবেশনে বিলটি পাস না হওয়ায় বিজেপি যেখানে বিরোধীদের দোষারোপ করছে, সেখানে পাল্টা আক্রমণে নামছে বিরোধীরাও। বিভিন্ন রাজ্যে বিজেপি-র সাংবাদিক সম্মেলনের জবাবে বিরোধী দলগুলিও পাল্টা সাংবাদিক সম্মেলন করছে বলে তিনি উল্লেখ করেন।

আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীদের প্রতি অবমাননা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে দলিত, পশ্চাদপদ, আদিবাসী ও সংখ্যালঘু মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বলে তিনি দাবি করেন। সম্প্রতি প্রকাশিত এনসিপিআর-এর রিপোর্টেও এই চিত্র উঠে এসেছে বলে তাঁর বক্তব্য।

তিনি আরও বলেন, “কংগ্রেস দলই অতীতে মহিলাদের অধিকার রক্ষায় প্রকৃত ভূমিকা পালন করেছে। তাই নারী শক্তির বিরোধী শক্তি হিসেবে যদি কাউকে চিহ্নিত করতে হয়, তবে বিজেপি নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে।” পাশাপাশি তাঁর দাবি, ২০২৩ সালে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করতে হবে এবং ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’-এর মতো বিষয় দিয়ে তা আড়াল করা চলবে না।

এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। আশীষ কুমার সাহা বলেন, “রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে একপ্রকার প্রহসন চলছে। প্রথমে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, বেকার যুবক-যুবতীরা আবেদন করছেন, তারপর দীর্ঘদিন পরে ইন্টারভিউ নেওয়া হচ্ছে—আর শেষে তা বাতিল করে দেওয়া হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ক্ষেত্রেও একই ধরনের ‘নাটক’ করা হয়েছে, যা বেকারদের সঙ্গে চরম অন্যায়। এই ধরনের অনিশ্চিত ও অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে কংগ্রেস আগামী দিনে আরও সরব হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande