
আগরতলা, ৩ মে (হি.স.): অসুস্থ বর্ষিয়ান বিজেপি নেতা জহর সাহার শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার হাঁপানিয়ায় টিএমসিতে যান রাজ্যের সমাজকল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়। গত দু’দিন ধরে টিএমসিতে চিকিৎসাধীন রয়েছেন জহর সাহা।
এদিন মন্ত্রী হাসপাতালে গিয়ে জহর সাহার সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন তিনি। মন্ত্রীর এই সফরে হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।
এছাড়াও, একই দিনে কৈলাসহরের বাসিন্দা তথা ব্যবসায়ী সত্য পালও অসুস্থ হয়ে হাঁপানিয়ায় টিএমসিতে ভর্তি হন। মন্ত্রী টিংকু রায় তাঁর সঙ্গেও দেখা করে চিকিৎসা পরিষেবার মান এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জহর সাহা এবং সত্য পালের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে দু'জনেই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সর্বদা সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অসুস্থ ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় তিনি ভগবানের কাছে প্রার্থনা জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ