
হুগলি, ৩ মে (হি.স.): আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহারে ফসল উৎপাদন বাড়লেও, নতুন সমস্যা দেখা দিচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে। কম্বাইন হারভেস্টার ও ট্রাক্টরের চলাচলের ফলে, বিশেষ করে টানা বৃষ্টির পর গ্রামীণ ও পাকা রাস্তায় কাদা জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে প্রতিদিনই সমস্যায় পড়ছেন সাইকেল আরোহী, বাইক চালক ও ছোট গাড়ির যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ থেকে ধান কাটার পর ট্রাক্টর ও হারভেস্টার সরাসরি রাস্তায় উঠছে। চাকার সঙ্গে লেগে থাকা ভিজে কাদা রাস্তায় ছড়িয়ে পড়ছে, ফলে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
রবিবার সালেপুর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, একসময় ভালো পাকা রাস্তা থাকলেও এখন কাদার কারণে হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা ও রাতের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে। বাইক পিছলে পড়ে যাওয়া, সাইকেল আরোহীদের নিয়ন্ত্রণ হারানো এবং ছোট গাড়ি স্কিড করার ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
তাঁদের মতে, এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয়দের একাংশের মতে, বিকল্প হিসেবে ট্রাক্টর নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে মাঠ থেকে আলাদা গাড়িতে ধান আনার ব্যবস্থা করলে রাস্তায় কাদা পড়া অনেকটাই কমানো সম্ভব।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA