শিলিগুড়িতে পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অভিযোগ, গ্রেফতার তিন যুবক
শিলিগুড়ি, ৩ মে (হি. স.) : নির্বাচনের কাজে ব্যবহৃত পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অভিযোগে রবিবার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তুষার রায় (২৫), দেবজ্যোতি দেব (২১) এবং কৃষ শীল (১৯)। পুলিশ জানায়, তুষার ও দেবজ্যোতি বাঘাযতীন কলোনির বাসিন্
শিলিগুড়িতে পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অভিযোগ, গ্রেফতার তিন যুবক


শিলিগুড়ি, ৩ মে (হি. স.) : নির্বাচনের কাজে ব্যবহৃত পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অভিযোগে রবিবার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তুষার রায় (২৫), দেবজ্যোতি দেব (২১) এবং কৃষ শীল (১৯)। পুলিশ জানায়, তুষার ও দেবজ্যোতি বাঘাযতীন কলোনির বাসিন্দা, অন্যদিকে কৃষের বাড়ি সমরনগর অটো স্ট্যান্ড এলাকায়।রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় করাইবাড়ি মিলন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি স্করপিও গাড়িতে করে ৪-৫ জন যুবক এসে রাস্তার ধারে থাকা প্রায় ৮-৯ কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর সাগর গজমের নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, ওই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গভীর রাতে বিভিন্ন সূত্রে গাড়িটির বিস্তারিত তথ্য জোগাড় করে পুলিশ। জানা যায়, গাড়িটির মালিক গৌতম পাল। পুলিশ তাঁর বাড়িতে গেলে তিনি অসুস্থতার কারণে গাড়ি এই মুহূর্তে চালান না বলে জানান। তবে তাঁর নাতি তুষার রায় নিয়মিত ওই গাড়ি ব্যবহার করত।

পুলিশ জানিয়েছে, তুষারের বিরুদ্ধে আগেও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বাঘাযতীন কলোনিতে তুষারের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে, আরও কয়েকজনের সঙ্গে মিলে এই চুরির ঘটনার ফন্দি আঁটে সে। তুষারের জবানবন্দির ভিত্তিতেই দেবজ্যোতি দেব ও কৃষ শীলকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ।

পুলিশ গাড়িটিকে আপাতত নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande