
কলকাতা, ৩ মে (হি. স.): পিসি চন্দ্র গোষ্ঠীর তরফে এ বছরের ৩৩তম পিসি চন্দ্র পুরস্কার তুলে দেওয়া হল প্রখ্যাত কবি, গীতিকার জাভেদ আখতারের হাতে। রবিবার সন্ধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে তাঁক সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রবর্তিত এই পুরস্কারটি পিসি চন্দ্র গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের জন্মবার্ষিকীতে প্রতি বছর প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মান ইতিমধ্যেই দেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বনাথন আনন্দ, কৈলাশ সত্যার্থী, আশা ভোঁসলে, দেবী শেঠি, কপিল দেব, উস্তাদ আমজাদ আলি খান, মেরি কম প্রমুখ।
এ বছরের পুরস্কারের সঙ্গে রয়েছে ২০ লক্ষ টাকার করমুক্ত সাম্মানিক। অনুষ্ঠানে পিসি চন্দ্র জুয়েলার্সের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শুভ্র চন্দ্র বলেন, “জাভেদ আখতারের সৃষ্টিশীলতা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। তাঁর কাজ ভারতীয় সাহিত্য ও সিনেমাকে সমৃদ্ধ করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, পিসি চন্দ্র গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র, পরিচালক প্রসেনজিৎ চন্দ্র-সহ সংস্থার শীর্ষকর্তারা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত