
কলকাতা, ৩ মে (হি স): গণনাকেন্দ্রের বিদ্যুৎ পরিষেবা অব্যাহত থাকা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক প্রচার। এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কথায়, ২০২১ সালের গণনার সময়ে লোডশেডিং নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেকথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম এবং সিইএসসি-র সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। এছাড়া বিদ্যুৎ দফতরের সঙ্গেও রবিবার রাতে একদফা কথা বলবেন সিইও।
উল্লেখ্য, শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভারচুয়াল বৈঠকে ‘লোডশেডিংয়ের সুযোগে ভোটচুরির ফন্দি’ নিয়ে সতর্ক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে অভিষেকের কড়া নির্দেশ ছিল, গণনাকেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পাহারা দেবেন ছাত্র নেতারা।
সেই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে জলপাইগুড়ির টিএমসিপি নেতৃত্ব। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্ট্রংরুম হয়েছে। তার ভিতরে সিসিটিভি ক্যামেরা নজরদারির দায়িত্বে রয়েছেন তৃণমূলের ছাত্ররা। পালটা বিজেপির মহিলা মোর্চার সদস্যরাও পাহারা দিচ্ছেন।
প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। এই শেষ পর্ব যাতে নির্বিঘ্নে মিটে যায়, তার জন্য আগাম একাধিক ব্যবস্থা করেছে। রবিবার সন্ধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন সিইও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত