গরম তেলের কড়াইয়ে পড়ে আহত শ্রমিক, ১৬ দিন স্টেশনে অসহায়—অবশেষে হাসপাতালে ভর্তি
আগরতলা, ৩ মে (হি.স.) : রুজির টানে ভিনরাজ্য থেকে এসে কাজ—কিন্তু দুর্ঘটনার পর যেন কেউ নেই পাশে। সাব্রুমে এক মিষ্টির দোকানের কারিগরের সঙ্গে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনা মানবিকতার প্রশ্ন তুলেছে নতুন করে। সাব্রুম হাসপাতালের কাছে সমীর টি স্টলে কাজ করতেন
আহত শ্রমিক


আগরতলা, ৩ মে (হি.স.) : রুজির টানে ভিনরাজ্য থেকে এসে কাজ—কিন্তু দুর্ঘটনার পর যেন কেউ নেই পাশে। সাব্রুমে এক মিষ্টির দোকানের কারিগরের সঙ্গে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনা মানবিকতার প্রশ্ন তুলেছে নতুন করে।

সাব্রুম হাসপাতালের কাছে সমীর টি স্টলে কাজ করতেন বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই শ্রমিক। অভিযোগ, গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের মেলার সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি গরম তেলের কড়াইয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁর কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ ও আঘাত লাগে।

আহত শ্রমিকের দাবি, দুর্ঘটনার পর দোকানের মালিক প্রদীপ দে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে যাওয়ার কথা বললেও বাস্তবে তাঁকে আগরতলা রেল স্টেশনে ফেলে রেখে চলে যান। এরপর প্রায় ১৫ থেকে ১৬ দিন ধরে গুরুতর আহত অবস্থায় স্টেশনেই পড়ে থাকতে হয় তাকে—না ছিল সঠিক চিকিৎসা, না ছিল কোনও সহায়তা।

এই দীর্ঘ সময়ের অসহায় যন্ত্রণা শেষে স্থানীয় কিছু সহৃদয় মানুষ এগিয়ে আসেন। তাঁরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত শ্রমিককে উদ্ধার করে আগরতলায় জিবিপি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এদিকে, অভিযুক্ত দোকান মালিক প্রদীপ দে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর তিনি নিজেই শ্রমিককে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শ্রমিক নাকি যেতে রাজি হননি।

অন্যদিকে, এই ঘটনার পর প্রশাসন ও শ্রম দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অসহায় শ্রমিক সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande