রাজ্য সম্মেলন ঘিরে তৎপরতা, আন্দোলনের হুঁশিয়ারি আন-অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের
আগরতলা, ৩ মে (হি.স.) : আগামী ২১ ও ২২ মে রাজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা আন-অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। প্রতি বছরের ন্যায় এবারও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হচ্ছ
শ্রমিক কংগ্রেসের বৈঠক


আগরতলা, ৩ মে (হি.স.) : আগামী ২১ ও ২২ মে রাজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা আন-অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। প্রতি বছরের ন্যায় এবারও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনকে সফল করে তুলতে রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক।

এদিনের বৈঠকে সংগঠনের বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচির রূপরেখা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যজুড়ে ব্যাপক প্রচার অভিযান চালানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে, যাতে শ্রমজীবী মানুষের বৃহত্তর অংশের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল জানান, আসন্ন এই রাজ্য সম্মেলন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইকে আরও জোরদার করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন এবং তাঁদের দাবি-দাওয়া নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সম্মেলন চলাকালীন শ্রম দফতরে ডিডিটি কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হবে। শান্তনু পালের বক্তব্য অনুযায়ী, প্রায় ৫০ বছর ধরে ডিডিটি কর্মীরা নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিয়ে আসছেন, অথচ বর্তমানে তাঁদের দৈনিক মজুরি মাত্র ২২৬ টাকা, যা অত্যন্ত অপ্রতুল।

এই পরিস্থিতির পরিবর্তনে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ডিডিটি কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে আগামী দিনে আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সবমিলিয়ে, আসন্ন রাজ্য সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে অল ত্রিপুরা আন-অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস, এবং শ্রমিক স্বার্থ রক্ষায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande