
কলকাতা, ৩১ মে (হি. স.) : দেবী অহল্যাবাঈ হোলকার-এর জন্মজয়ন্তী উপলক্ষ্যে লোকভবন পশ্চিমবঙ্গ-র তরফে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। রবিবার লোকভবনের সমাজ মাধ্যমে লেখা হয়, দেবী অহল্যাবাঈ হোলকারের জয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এমন এক সময়ে, যখন ভারতের বহু পবিত্র পীঠস্থান বিদেশি আক্রমণকারীদের হাতে ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছিল, তিনি সেগুলির পুনর্গঠন ও পুনরুজ্জীবনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সমগ্র ভারতজুড়ে মন্দির ও পুণ্যতীর্থসমূহ পুনর্নির্মাণের মাধ্যমে তিনি জাতির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত করেন, ভারতীয় সভ্যতার ধারাবাহিকতাকে সুদৃঢ় করেন এবং ভারতের পরিচয়ের মূল ভিত্তি সেই সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে পুনর্জাগ্রত করেন।তিনি বিধবা, কৃষক, জনজাতি সম্প্রদায় এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন; একই সাথে শিক্ষা বিস্তার এবং জল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষাকে শক্তিশালী করেছেন, যা ধর্ম, সেবা ও সহমর্মিতাভিত্তিক সুশাসনেরই প্রতিফলন। ২০৪৭ সালের মধ্যে একটি পূর্ণ বিকশিত ভারতের অভিমুখে যাত্রাপথে তাঁর পুণ্যস্মৃতি আজও এক অনন্য অনুপ্রেরণার দিশারী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত