
পটনা, ৪ মে (হি. স.): বিহারে সোমবার প্রবল ঝড়বৃষ্টি ও বজ্র বিদ্যুতের তাণ্ডবে বড় বিপর্যয় ঘটেছে। পূর্ব চম্পারণ, গয়া এবং ঔরঙ্গাবাদ জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পূর্ব চম্পারণে ৫ জন, গয়াতে ৪ জন এবং ঔরঙ্গাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি জানিয়েছেন, এই দুর্যোগের সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি খারাপ আবহাওয়ায় সতর্ক থাকার এবং দুর্যোগ মোকাবিলা দফতরের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি।
পূর্ব চম্পারণে এক ঘণ্টার ভারী বৃষ্টি ও ঝড় ব্যাপক ক্ষতি করে। সুগৌলি থানা এলাকার একটি বাগানে আকাশীয় বিদ্যুতের আঘাতে দুই শিশুর মৃত্যু হয়, একজন আহত হয়েছে। রামগড়ওয়া এলাকায় বিদ্যুৎ পড়ায় তালগাছে আগুন লেগে যায়, যা ছড়িয়ে পড়ে একাধিক ঝুপড়িতে। সেখানে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়।
ঢাকা–মোতিহারি রোডে গাছ ভেঙে ই-রিকশার ওপর পড়ায় দু’জনের মৃত্যু হয়।
গয়াতে আম পাড়তে বের হওয়া চার কিশোর বিদ্যুৎপাতে প্রাণ হারায়। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
ঔরঙ্গাবাদ জেলাতেও একাধিক ঘটনায় শিশু ও কিশোরদের মৃত্যু হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য