
পুদুচেরি, ৪ মে (হি.স.) : পুদুচেরি বিধানসভা নির্বাচন ২০২৬-এর গণনায় রাজ্যের রাজনৈতিক চিত্রে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ৩০টি আসনের মধ্যে অল ইন্ডিয়া এন.আর. কংগ্রেস (এআইএনআরসি) সর্বাধিক আসনে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী এআইএনআরসি একাধিক কেন্দ্রে জয় নিশ্চিত করেছে বা এগিয়ে রয়েছে। ডিএমকে দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপি ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে। কংগ্রেস ও অন্যান্য দল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।
প্রধান আসনগুলির ফলাফল
আরিয়ানকুপ্পম আসনে এআইএনআরসি প্রার্থী সি আইয়াপ্পান ৬০৩ ভোটে কংগ্রেস প্রার্থী ভিজয়ালক্ষ্মী জেমুর্থিকে পরাজিত করেন। এম্বালামে এআইএনআরসি প্রার্থী ই মোহনদোস ৪হাজার ৬১ ভোটে কংগ্রেস প্রার্থীকে হারান।
মান্নাডিপেটে বিজেপি প্রার্থী এ নমাসিবায়াম ৬ হাজার ১১০ ভোটে কংগ্রেস প্রার্থী টি.পি.আর. সেলভামেকে পরাজিত করেন। থাট্টানচাভাডিতে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ৪ হাজার ৪৪১ ভোটে এনএমকে প্রার্থীকে হারান।
ওসুদু আসনে কংগ্রেস প্রার্থী পি কার্তিকেয়ন ৪ হাজার ১৮ ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। নেল্লিথোপে ডিএমকে প্রার্থী ভি কার্তিগেয়ানে ৮৫০ ভোটে নির্দল প্রার্থীকে হারান।
ওপালামে এআইএডিএমকে প্রার্থী এ আনবলাগন ১,০২৬ ভোটে টিভিকে প্রার্থীকে পরাজিত করেন। নেদুনগাডুতে নির্দল প্রার্থী ড. ভি ভিগ্নেশ্বরন ৪ হাজার ৪৯৯ ভোটে এআইএনআরসি প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেন।
সামগ্রিক চিত্র
বর্তমান প্রবণতা অনুযায়ী এআইএনআরসি পুদুচেরিতে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে। ডিএমকে দ্বিতীয় স্থানে থাকলেও একাধিক আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে। বিজেপি ও টিভিকে কয়েকটি আসনে উল্লেখযোগ্য উপস্থিতি দেখালেও সংখ্যার বিচারে পিছিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেসও কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
পুদুচেরি বিধানসভা নির্বাচনের গণনা শেষে অধিকাংশ কেন্দ্রেই ফল ঘোষণা হয়ে গেছে, পাশাপাশি কয়েকটি আসনে এখনও গণনা চলছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এআইএনআরসি, ডিএমকে, বিজেপি, কংগ্রেস ও টিভিকে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।
আরিয়ানকুপ্পম, এম্বালাম, কামারাজ নগর, মান্নাডিপেট, নেট্টাপাক্কাম, লসপেট, মুথিয়ালপেট, থাট্টানচাভাডি, ভিলিয়ানুর ও ইয়ানাম সহ একাধিক আসনে ফল ঘোষণা হয়েছে। অন্যদিকে বাহুর, ইন্দিরা নগর, কালাপেট, কারাইকাল সাউথ, মুডালিয়ারপেট, মাঙ্গালাম ও ওঝুকারাই আসনে এখনও গণনা চলছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেষ রাউন্ডের গণনা শেষ হলেই চূড়ান্ত ফলাফল স্পষ্ট হবে এবং গোটা রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য