
নয়াদিল্লি, ৪ মে (হি.স.): বাংলার ভোটে বিজেপির বিপুল উত্থানের প্রেক্ষিতে বাংলার জনতাকে প্রণাম জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার সন্ধ্যায় সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে বলেন, বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম
এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব।
এটি টিএমসি-র ‘ভয়’-এর ওপর নরেন্দ্র মোদী-জির প্রতি ‘ভরসা’র জয়।
আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে।
বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি।
শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এই ঐতিহাসিক জয়ের জন্য আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জি, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জি, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জি এবং বাংলার কোণে কোণে লড়াই করে যাওয়া প্রতিটি কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই।
বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনোদিন ভুলতে পারবে না।
বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর এই বিশ্বাস রেখেছে, আমরা অবশ্যই তা পূরণ করব।
চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ