
আণন্দ, ৪ মে (হি.স.): গুজরাটের আণন্দ জেলার উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই আসনে বিজেপির প্রার্থী হর্ষদভাই গোবিন্দভাই পারমার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভৃগুরাজ সিং চৌহানকে ৩০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী হর্ষদভাই পারমার মোট ৮৫,৫০০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী ভৃগুরাজ সিং চৌহান পেয়েছেন ৫৪,৭৫৭টি ভোট। জয়ের ব্যবধান ৩০,৭৪৩টি ভোট। তৃতীয় স্থানে থাকা নির্দল প্রার্থী মহেন্দ্রভাই নটবরভাই পারমার পেয়েছেন মাত্র ৭৮৬টি ভোট।
এই আসনটি বিজেপি বিধায়ক গোবিন্দ পারমারের অকাল প্রয়াণের ফলে শূন্য হয়েছিল। বিজেপি তাঁর পুত্র হর্ষদভাইকেই এই উপনির্বাচনে প্রার্থী করেছিল। জয়ের মাধ্যমে তিনি তাঁর পিতার রাজনৈতিক গড় অক্ষুণ্ণ রাখতে সফল হলেন।
পরাজয় স্বীকার করে নিলেও ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রার্থী ভৃগুরাজ সিং চৌহান। তাঁর অভিযোগ, নির্বাচনী ফলে কারচুপি করা হয়েছে এবং হারের পেছনে ইভিএমের যান্ত্রিক কারসাজি থাকতে পারে।
উল্লেখ্য, এই উপনির্বাচনের জন্য গত ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল। উমরেঠ আসনে মোট ২.৪৫ লক্ষ ভোটারের জন্য ৩০৬টি ভোটকেন্দ্র তৈরি করেছিল প্রশাসন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী থাকলেও মূল লড়াই ছিল বিজেপি ও কংগ্রেসের।
হিন্দুস্থান সমাচার / সোনালি