
নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের ধারা নিশ্চিত হতেই উচ্ছ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এই জয়কে ‘বিশ্বাসের উদয়’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আজকের এই দিনটি বিজেপির প্রতিটি কর্মীর জন্য এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় তিনি বাংলার এই পরিবর্তনকে কুর্নিশ জানান।
জেপি নাড্ডা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, পশ্চিমবঙ্গে বিজেপির এই অভূতপূর্ব মহাবিজয় আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমূলক নীতির ওপর মানুষের আস্থার প্রতিফলন। অন্যদিকে, এটি তৃণমূল কংগ্রেসের গত দেড় দশকের কুশাসন, দুর্নীতি, তোলাবাজি, অনুপ্রবেশ, তোষণ এবং নৈরাজ্যের রাজনীতির এক শোচনীয় পরাজয়। তাঁর মতে, বাংলার মানুষ তৃণমূলের অহংকার চূর্ণ করে প্রথমবারের মতো বিজেপির ওপর ভরসা রেখেছে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী আছে, বাংলা যখনই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তখন কোনো শক্তিই তা রুখতে পারে না। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান দেশপ্রেমিকদের এই পুণ্যভূমি এখন নতুন এক ভোরের অপেক্ষায়। তিনি এই বিশাল জয়ের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বুথ স্তরের কর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেপি নাড্ডা আশ্বাস দেন যে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবার রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠিত হবে। তাঁর দাবি, নতুন এই সরকার ‘আমার সোনার বাংলা’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ নির্মাণে দায়বদ্ধ থাকবে। রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং সর্বাঙ্গীণ উন্নয়নই এখন বিজেপির প্রধান সংকল্প।
হিন্দুস্থান সমাচার / সোনালি