
ঝাড়গ্রাম, ৪ মে (হি. স.):
ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বড় সাফল্য পেল বিজেপি। বিনপুর ( তফশিলি উপজাতি সংরক্ষিত), ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম—সব ক’টি আসনেই একচেটিয়া জয় পেল পদ্ম শিবির।
ভোট গণনা শুরু থেকেই অধিকাংশ আসনে এগিয়ে ছিল বিজেপি প্রার্থীরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন তাঁরা।
ঝাড়গ্রাম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেনকে ৩৮,১৪৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নয়াগ্রামে বিজেপি প্রার্থী অমিয় কিস্কু তৃণমূলের দুলাল মুর্মুকে ৬,৪২৪ ভোটে হারান।
বিনপুর আসনে প্রাক্তন মন্ত্রী বিরবাহা হাঁসদাকে ২২,৯৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। অন্যদিকে গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো ২৬,৬৭৫ ভোটে জয়ী হন অজিত মাহাতকে হারিয়ে।
গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে তৃণমূল শিবিরে হতাশা দেখা যায়। একাধিক কেন্দ্রেই পিছিয়ে পড়ার পর তৃণমূলের ক্যাম্প ফাঁকা হয়ে যায় এবং বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়।
তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গণনা কেন্দ্র ত্যাগ করেন। জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন।
ফলাফল ঘোষণার আগেই চারটি আসনে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় জঙ্গলমহলে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস স্পষ্ট হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো