
কলকাতা, ৪ মে (হি. স.) : ২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ভারতীয় জনতা পার্টির তরফে কার্যত শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এই বিশেষ দিনটিকেই আপাতদৃষ্টিতে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এমন খবর জানা গেলেও বিষয়টি বর্তমানে আলাপ-আলোচনার স্তরেই রয়েছে। এদিকে, এদিন রাতেই কলকাতায় পৌঁছাতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দিল্লি সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্য বিজেপির শিবিরে এখন সাজ সাজ রব এবং সর্বত্র খুশির বাতাবরণ বিরাজ করছে।
এর মধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী শনিবার অর্থাৎ চলতি মাসের ৯ তারিখ কলকাতায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আপাতত এমন সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে। তবে শপথ গ্রহণের স্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। বরাবরের নিয়ম অনুসারে এই অনুষ্ঠান রাজভবনে হয়ে থাকে, যদিও এখনও পর্যন্ত ভেন্যু চূড়ান্ত হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠান জমকালো করে তুলতে আগ্রহী নেতৃত্ব দর্শকদের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি রাজভবন থেকে সরিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যেতে পারেন। এই প্রসঙ্গে রাজধানী দিল্লি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। আগামী দু-একদিনের মধ্যেই এই বিষয়ে বিশদে জানিয়ে দেওয়া হবে বলে ভারতীয় জনতা পার্টি সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত