
কলকাতা, ৪ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার অব্যবহিত পরেই সোমবার প্রদেশ কংগ্রেসের তরফে প্রকাশিত এক বিবৃতিতে রাজ্যের রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে যে, দীর্ঘদিনের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভ ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে বিজেপি প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্যে এদিন মূলত দুর্নীতি, রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন এবং আরজি কর-কাণ্ডের মতো ঘটনায় জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। তাঁর দাবি, এই সমস্ত ইস্যু শাসকদলের বিরুদ্ধে জনরোষ তৈরি করেছে। সেইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছে কংগ্রেস। এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া এবং বহু আপিল বিচারাধীন থাকার বিষয়টি তুলে ধরে ‘ভোট চুরি’র অভিযোগও করা হয়েছে।
তবে সমালোচনার পাশাপাশি নিজেদের ফলাফল নিয়েও পর্যালোচনার কথা জানিয়েছে কংগ্রেস। দীর্ঘ দুই দশক পর অধিকাংশ আসনে প্রার্থী দেওয়ার পর ফারাক্কা ও রাণীনগরের মতো কিছু কেন্দ্রে জয়কে ইতিবাচক বলেই মনে করছে দল। যদিও সামগ্রিক ভোটের হার প্রত্যাশামতো হয়নি বলে স্বীকার করা হয়েছে।
আগামী দিনে কংগ্রেসের তরফে বিধানসভার ভেতরে দায়িত্বশীল বিরোধী এবং বাইরে জনস্বার্থে সক্রিয় ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত