
চেন্নাই, ৪ মে (হি স.) : তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে। শুরু থেকেই রাজ্যের রাজনৈতিক চিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে ) চমক দেখিয়ে ১০৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের ডিএমকে–এআইএডিএমকে দ্বিমুখী রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে টিভিকে সবচেয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে ডিএমকেএবং এআইএডিএমকে-এর মধ্যে কড়া লড়াই চলছে। একাধিক কেন্দ্রে দু’দলের প্রার্থীদের মধ্যে ব্যবধান খুবই কম, ফলে ফলাফল ঘন ঘন বদলাচ্ছে।
সবচেয়ে নজরকাড়া লড়াই কোলাথুর কেন্দ্রে, যেখানে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টিভিকেপ্রার্থী ভি এস বাবুর কাছে পিছিয়ে পড়েছেন। একইভাবে পেরাম্বুর, মাইলাপোর, তিরুভিকা নগর সহ একাধিক কেন্দ্রে টিভিকেপ্রার্থীরা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, কিছু কেন্দ্রে ডিএমকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এআইএডিএমকে-ও কয়েকটি আসনে লিড ধরে রেখেছে, ফলে দ্বিতীয় স্থানের লড়াই আরও জমে উঠেছে।
কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি কেবল প্রাথমিক প্রবণতা, পরবর্তী রাউন্ডে ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য