
বারাসাত, ৬ মে (হি. স.):- ভোট পরবর্তী সন্ত্রাস ও অশান্তি রুখতে কড়া অবস্থান নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা শাসক শিল্পী গৌরী সারিয়া জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলা পুলিশের সুপারদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।জেলা শাসক জানান, ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে শতাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় আহত দুই পুলিশকর্মীর চিকিৎসা কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে চলছে।প্রশাসন সূত্রে খবর, মোট তিনজন পুলিশকর্মী এবং দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে কোনও ধরনের সমস্যা বা আতঙ্কের মুখে পড়লে দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন জেলা শাসক।
---------------
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়