
সুরজপুর, ৬ মে (হি.স.): ছত্তিশগড়ের সুরজপুর জেলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ঘটনাটি মঙ্গলবার রাতে চাঁদনি-বিহারপুর এলাকার উমঝর ঘাটির কাছে ঘটে। বিয়ের অনুষ্ঠান শেষে পান্ডো পরিবারের প্রায় ৩০ জন সদস্য একটি পিকআপ ভ্যানে করে গ্রামের রাসৌকি থেকে ফিরছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় সীতা কুয়ঁর পান্ডো ও রামশরণ পান্ডো ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় বাসন্তী পান্ডোরও মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অম্বিকাপুর ও সুরজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁচা রাস্তা ও বৃষ্টির কারণে জমে থাকা কাদার জন্য গাড়িটি পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে পণ্যবাহী যানবাহনে যাতায়াত না করার জন্য সতর্ক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য