
ঝাড়গ্রাম, ৬ মে (হি. স.):- ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার পরিদর্শনে যান ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। হাসপাতালের এমএসভিপি পরিতোষ পাখিরার সঙ্গে বৈঠক করে তিনি চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং রোগী পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হাসপাতালকে ঘিরে সাম্প্রতিক একাধিক অভিযোগ সম্পর্কেও তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।পরিদর্শনের সময় বিধায়ক হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডেও যান। সেখানে সম্প্রতি দুর্ঘটনায় মৃত লোধাশুলির বিজেপি কর্মী মহেন্দ্র মাহাতোর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। মহেন্দ্র মাহাতোর ছেলের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।পরিদর্শন শেষে লক্ষ্মীকান্ত সাউ বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষকে হাসপাতালটিকে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যেই হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরিষেবা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসকদের নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন, রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ এবং বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেন।এছাড়াও তিনি জানান, দুঃসময়ে কর্মীর পরিবারের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও তিনি সবরকম সহযোগিতা করবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়