
হলদিয়া/নন্দীগ্রাম, ৬ মে (হি. স.): বিধানসভা নির্বাচনের অভাবনীয় জয়ের পর এবার নিজের বিধানসভা এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার একটি জনসভা থেকে তিনি নাম ধরে নন্দীগ্রামের বহু সহযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। একইসঙ্গে নন্দীগ্রামের সার্বিক উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা বদলে দেওয়ার জোরালো প্রতিশ্রুতিও শোনা গেল তাঁর গলায়।
মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামের মানুষ বরাবর আমার ওপর ভরসা করেছেন। আমাকে দু'বার সাংসদ ও তিনবার বিধায়ক নির্বাচিত করেছেন। নন্দীগ্রামের এই ভালোবাসার ঋণ আমি উন্নয়ন দিয়ে শোধ করবই।” তাঁর এই মন্তব্যকে ঘিরে উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুটিতেই জয়ী হয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে একটি আসন ছাড়তে হবে। এই প্রসঙ্গে নন্দীগ্রামবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার হাতে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই; দল যে আসন ছাড়তে বলবে, আমাকে সেটিই ছাড়তে হবে। তবে ভবানীপুর হোক বা নন্দীগ্রাম—আমি আপনাদের পাশেই আছি। নিজের দায়িত্ব পালন করতে আমি ভুল করি না। সিদ্ধান্ত যাই হোক না কেন, আমাকে আপনারা সবসময় পাশে পাবেন।”
শুভেন্দু এদিন স্পষ্ট করে দেন যে, পদের রদবদল হলেও নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর আত্মিক যোগ বিচ্ছিন্ন হবে না। সভার শেষে আত্মবিশ্বাসের সুরে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “আসন্ন একশো বছর বাংলায় ভারতীয় জনতা পার্টিই শাসন করবে।” রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির দীর্ঘস্থায়ী ক্ষমতার ভিত্তি স্থাপনের বার্তাই দিতে চেয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি