
কলকাতা, ৬ মে (হি. স.): বাংলার লোকগাথার সঙ্গে গভীর জীবনদর্শন যখন সমান্তরালে মেশে, তখনই জন্ম হয় সুরের। এই সুরের মেলবন্ধনেই এবার ছন্দ বেঁধেছে বাংলা ব্যালাড। সম্প্রতি প্রকাশিত হয়েছে পরিচালক অভিষেক গাঙ্গুলীর চলচ্চিত্র ‘লাইফ ইজ আ ব্যালাড’। ব্যালাড রচনায় ছিলেন বাংলার বিশিষ্ট ব্যালাড শিল্পী রঞ্জন প্রসাদ। কলকাতার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্রটি। গত ৩০ এপ্রিল বিকেল ৬টায় কলকাতার সল্টলেক স্থিত শিবপুর বি.ই. কলেজের প্রাক্তন ছাত্র সংসদ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো ‘লাইফ ইজ আ ব্যালাড’। সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন শিবপুর বি.ই. কলেজের প্রাক্তন ছাত্র এস.পি. দত্ত। দর্শকের একটি বিরাট অংশই ছিলেন ওই কলেজের প্রাক্তন ছাত্রমণ্ডলী।
গল্পের বুনট, কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের অভিনবত্ব মন ছুঁয়েছে উপস্থিত সকল দর্শকের। মানুষের জীবন অধ্যায়ের জানা-অজানা নানান দিক গানের ছন্দে পরিবেশনের চেষ্টা করা হয়েছে এই ছবিতে। প্রদর্শনী শেষে শুরু হয় ছবি সংক্রান্ত আলোচনা। দর্শকদের মধ্যে অনেকেই রঞ্জন প্রসাদ এবং ছবির পরিচালক অভিষেক গাঙ্গুলীর সঙ্গে আলাপচারিতার সুযোগ পান। আলোচনায় উঠে আসে দর্শকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আড্ডায় ও আলোচনায় আসরটি জমে ওঠে।
প্রসঙ্গত, প্রসাদ রঞ্জন দাস মূলত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উত্তরসূরি। শিবপুর বি.ই. কলেজ থেকেই তিনি তাঁর পাঠ্যক্রম শেষ করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্য সরকারের মুখ্য স্থপতি হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। তবে বাংলার সংগীত জগতে তিনি রঞ্জন প্রসাদ নামেই সমধিক পরিচিত।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক