
শিবসাগর (অসম), ৬ মে (হি.স.) : শিবসাগর জেলার অন্তর্গত ডিমৌয়ের পালেঙ্গিতে আজ ভোররাতে পুলিশের অভিযানে উগ্রপন্থী সংগঠন আলফা (স্বাধীন)-এর এক সন্দেহভাজন ক্যাডার গ্রেফতার হয়েছে। ধৃতকে মরান থানার অধীন বেজপাথর এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সি বীরেন চেতিয়া ওরফে রণ্টু অসম বলে শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার শিবসাগরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পাপড়ি চেতিয়া তাঁর সরকারি দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ খবর দিয়েছেন। পুলিশ সুপার চেতিয়া জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আলফা (স্বাধীন)-এর সশস্ত্র ক্যাডার বীরেন চেতিয়াকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইদুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য আধিকারিক-কর্মী।
তিনি জানান, অভিযানে ধৃত বীরেন চেতিয়ার হেফাজত থেকে সাতটি গ্রেনেড, একটি বোতল গ্রেনেড, একটি ৯ এমএম বেরেটা পিস্তল, ১০ রাউন্ড সক্রিয় গুলি, নগদ ১৩,৫০০ টাকা, সিম সহ মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে।
পুলিশের সন্দেহ, অভিযুক্ত বীরেন চেতিয়া সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে ওই এলাকায় আশ্রয় নিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে, জানান সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পাপড়ি চেতিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস