
হাফলং (অসম) ৬ মে (হি স) : ডিমা হাসাও জেলায় শুরু হচ্ছে জরায়ুর ক্যানসার টিকা প্রদান কর্মসূচি। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকাদান কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছে।
এইচপিভি টিকা, যা পূর্বে শুধুমাত্র বেসরকারি হাসপাতালে উচ্চ মূল্যে পাওয়া যেত, এখন সরকার কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যাতে প্রতিটি মেয়ে জরায়ুর ক্যানসার থেকে সুরক্ষিত থাকে। এই কর্মসূচি গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দেশব্যাপী চালু করা হয়েছে। ১৪ বছর বয়সি কিশোরী (১৫ বছর পূর্ণ হয়নি) তাঁদের এই টিকা প্রদান করা হবে। একটি মাত্র ডোজ এইচপিভি-র বিরুদ্ধে আজীবন সুরক্ষা প্রদান করে, যা জরায়ুর ক্যানসারের প্রধান কারণ। হাফলং সিভিল হাসপাতাল এবং জেলার অন্য যেকোনও স্বাস্থ্য প্রতিষ্ঠান পিএইচসি, সিএইচসিতে এই টিকা প্রদান করা হবে সোমবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
টিকা দেওয়ার জন্য নাম নথিভূক্ত করতে অবশ্যই একটি বৈধ ছবি যুক্ত পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ডিমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অবিভাবকদের এই জীবন রক্ষাকারী টিকার মাধ্যমে কন্যা সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষিত করার এই সুযোগটি হাতছাড়া না করার আহ্বান জানানো হয়েছে। এই টিকা সকলের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে উপলব্ধ বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানিয়েছেন জেলা টিকাকরণ অধিকর্তা ডাঃ মেরিনা চাংসন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব