ক্ষমতা হারাতেই খুলল তালা, দীর্ঘ ১৩ বছর পর পুরন্দরপুরে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম
বারুইপুর, ৭ মে (হি.স.): রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার বারুইপুরে নিজেদের হারানো জমি ফিরে পেতে শুরু করল বাম শিবির। প্রায় ১৩ বছর ধরে তৃণমূলের দখলে থাকা পুরন্দরপুর এরিয়া কমিটির সিপিআইএম পার্টি অফিসটি বুধবার রাতে পুনরুদ্ধার করলেন বাম কর্মী-সমর্থক
ক্ষমতা হারাতেই খুলল তালা, দীর্ঘ ১৩ বছর পর পুরন্দরপুরে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম


বারুইপুর, ৭ মে (হি.স.): রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার বারুইপুরে নিজেদের হারানো জমি ফিরে পেতে শুরু করল বাম শিবির। প্রায় ১৩ বছর ধরে তৃণমূলের দখলে থাকা পুরন্দরপুর এরিয়া কমিটির সিপিআইএম পার্টি অফিসটি বুধবার রাতে পুনরুদ্ধার করলেন বাম কর্মী-সমর্থকরা। দীর্ঘ সময় পর দলীয় কার্যালয়ের তালা খুলে সেখানে নতুন করে লাল পতাকা টাঙানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০১৪ সাল নাগাদ এই অফিসটি তৃণমূলের দখলে চলে গিয়েছিল। অভিযোগ, তারপর থেকে দীর্ঘ ১৩ বছর সেখানে বামেদের কোনও কর্মকাণ্ড চলেনি। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই ছবিটা বদলে যায়। বুধবার রাতে একদল সিপিআইএম কর্মী-সমর্থক এসে অফিসটি পরিষ্কার করেন এবং পুনরায় দলীয় কার্যালয় হিসেবে চালু করেন।

বৃহস্পতিবার সকাল থেকেই ওই কার্যালয়ের সামনে ভিড় জমান পুরনো কর্মী-সমর্থকরা। দীর্ঘ দিন পর এলাকায় ফের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ওঠে। বামেদের স্থানীয় নেতৃত্বের দাবি, “এটি কেবল একটি ঘর পুনরুদ্ধার নয়, বরং সাধারণ মানুষের কাছে পুনরায় পৌঁছে যাওয়ার লড়াইয়ের শুরু। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা আবার কাজ শুরু করলাম।”

অন্যদিকে, এই ঘটনাকে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, “মানুষ বামেদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এখন রাজনৈতিক ডামাডোলের সুযোগ নিয়ে ওরা নাটক করার চেষ্টা করছে।” এই ঘটনাকে কেন্দ্র করে পুরন্দরপুর এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা। বহুদিন পর এলাকায় লাল পতাকার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande