অবৈধ পাঁচিলে বুলডোজার, জলনিকাশি সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ আরামবাগ পৌরসভার
আরামবাগ, ৭ মে (হি.স.): আরামবাগ পৌরসভা এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল প্রশাসন। বৃহস্পতিবার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায় একটি অবৈধ পাঁচিল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের
আরামবাগে চলছে বুলডোজার


আরামবাগ, ৭ মে (হি.স.): আরামবাগ পৌরসভা এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল প্রশাসন। বৃহস্পতিবার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায় একটি অবৈধ পাঁচিল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দ পল্লী এলাকায় দীর্ঘদিন ধরেই জলনিকাশি নিয়ে বড়সড় সমস্যা তৈরি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে নাভিশ্বাস উঠছিল বাসিন্দাদের। অভিযোগ ছিল, নিকাশি নালা সংলগ্ন একটি অবৈধভাবে নির্মিত পাঁচিল জল বেরোনোর পথ আটকে দিয়েছিল। এর ফলে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল ওই এলাকায়।

​এদিন সকালে বুলডোজার নিয়ে গিয়ে পাঁচিলটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে এলাকায় সতর্ক নজরদারি চালানো হয়।

​অভিযান শেষে বিশ্বজিৎ ঘোষ সংবাদমাধ্যমকে জানান, “সাধারণ মানুষের স্বার্থেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ নির্মাণের কারণে নিকাশি পথ রুদ্ধ হয়ে যাওয়ায় গোটা এলাকার মানুষ দুর্ভোগে পড়ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও কাজ না হওয়ায় আজ প্রশাসনিকভাবে পাঁচিলটি ভেঙে ফেলা হয়েছে।”

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরামবাগ পৌরসভা এলাকার যেখানে যেখানে এমন অবৈধ নির্মাণ নজরে আসবে এবং মানুষের স্বার্থ বিঘ্নিত হবে, সেখানে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” পৌরসভার এই সক্রিয় ভূমিকাকে স্থানীয় বাসিন্দাদের বড় অংশ স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, এবার বর্ষার মরসুমে এলাকায় জল জমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande