
উলুবেড়িয়া, ২ জুন (হি. স.) : উলুবেড়িয়া দক্ষিণের এক তৃণমূল নেতাকে গ্রেফতারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঘটনাস্থলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দীপঙ্কর ঘোষ ওরফে দীপু, যিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁকে সম্প্রতি বীরভূমের তারাপীঠ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার তদন্তের স্বার্থে দীপঙ্কর ঘোষকে উলুবেড়িয়ার বিরশিবপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে হাতে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাঁকে নিয়ে ঘোরানো হয় এবং বিভিন্ন ঘটনাস্থল চিহ্নিত করার কাজ চলে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারধর এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির তদন্তে নেমেই তাঁকে গ্রেফতার করা হয়।এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বহু ভুক্তভোগী এই গ্রেফতারিতে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।অন্যদিকে, দীপঙ্কর ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়