
ক্যানিং, ২ জুন (হি. স): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ আর্থিক তছরুপের অভিযোগ তুলে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। মঙ্গলবার দুপুরে ক্যানিং থানায় ঝর্না মণ্ডল নামে ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৫০ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীর সভানেত্রী তথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা হিসেবে রয়েছেন তৃণমূল নেত্রী ঝর্না মণ্ডল। অভিযোগ দিনের পর দিন ওই তৃণমূল নেত্রী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নামে লোন তুলে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছেন। এক একটি দলের মহিলাদের নামে তোলা লক্ষ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ঝর্না মণ্ডল বলে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের অভিযোগ শাসক দলের নেত্রী হওয়ায় ও এলাকায় শাসক দলের অন্যান্য নেতাদের প্রভাব খাটিয়ে দিনের পর দিন এই দুর্নীতি করেছেন ঝর্না। তাই ওনার অপসারন ও এই টাকা উদ্ধারের দাবিতে সরব হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যদিও এ বিষয়ে অভিযুক্ত মহিলার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা