
খড়গপুর, ২০ জুন (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে শনিবার সকালে মালঞ্চার ধোবিঘাট ময়দানে একটি বিশাল যোগ শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রশ্মি মেটালিক্স লিমিটেড গ্রুপের চেয়ারম্যান সজ্জন পাটোয়ারী।
পতঞ্জলি যোগ সমিতির জেলা পদাধিকারীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মঞ্চে উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ, রশ্মি গ্রুপের চেয়ারম্যান সজ্জন পাটোয়ারী এবং অন্যান্য পদাধিকারীরা যৌথভাবে যোগাভ্যাস করেন এবং সাধারণ মানুষকে সুস্থ জীবনশৈলী অনুসরণের বার্তা দেন।
অনুষ্ঠান চলাকালীন দিলীপ ঘোষ বলেন, “যোগ ভারতের প্রাচীন ঐতিহ্য। প্রতিটি মানুষ যদি প্রতিদিন কিছুটা সময় যোগাসনের জন্য ব্যয় করেন, তবে অনেক রোগব্যাধি থেকে দূরে থাকা সম্ভব এবং জীবনকে সুস্থ করে তোলা যায়।”
অন্যদিকে সজ্জন পাটোয়ারী বলেন, “আজকের এই কর্মব্যস্ত জীবনে স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় পুঁজি। যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলে আমরা শারীরিক ও মানসিকভাবে আরও উন্নত জীবনযাপন করতে পারি।”এই যোগ শিবিরে বিপুল সংখ্যায় মানুষ অংশ নেন। বক্তারা জানান, আধুনিক জীবনযাত্রায় প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগাভ্যাস শরীর ও মন উভয়কে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি