
তারকেশ্বর, ২০ জুন (হি.স.): ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠানে তারকেশ্বর থেকে প্রায় ৮২০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল, কৃষি, মৎস্য ও গ্রামীণ পরিকাঠামোকে কেন্দ্র করে ঘোষিত এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রেলওয়ে।
মোট প্রায় ৫৯০ কোটি টাকার রেল প্রকল্পের মধ্যে রয়েছে হাওড়ায় ৯৯ কোটি টাকায় ৩০০ শয্যার আধুনিক ডিভিশনাল রেল হাসপাতালের শিলান্যাস। পাশাপাশি ৪২১ কোটি টাকার সাঁকরাইল-সাঁতরাগাছি রেল সংযোগ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের হাউর-রাধামোহনপুরে ৭১ কোটি টাকার রেল ওভারব্রিজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ২৩তম কিস্তিও প্রকাশ করেন। এর মাধ্যমে দেশজুড়ে ৯.৪৪ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮৮০ কোটিরও বেশি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ৩১৫ কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন। ফ্রেজারগঞ্জে সম্প্রসারিত মৎস্য বন্দর, সাঁইথিয়ায় আধুনিক মাছের বাজার এবং হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম উন্নত ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগারেরও সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত