
ইমফল, ২১ জুন (হি.স.) : গোয়ায় গ্রেফতার করা হয়েছে প্রায় দুই দশক ধরে পলাতক মণিপুরের সক্রিয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র এক মোস্ট ওয়ান্টেড ক্যাডারকে। ধৃত জঙ্গি পিএলএ-র স্বঘোষিত লেফটেন্যান্ট কর্নেল নংথংবাম ইংগো ওরফে কৃষ্ণ ওরফে লাল। তার বিরুদ্ধে থউবাল জেলার লিলং থানায় ‘অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন’ (আন ল-ফুল অ্যাকটিভিটিজ-প্রিভেনশন অ্যাক্ট সংক্ষেপে ইউএপিএ)-এর বিভিন্ন ধারায় মামলায় রুজু রয়েছে। গ্রেফতারকৃত নংথংবাম ইংগোকে মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ রবিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্র জানিয়েছে, গত শুক্রবার (১৯ জুন) গোয়া ক্রাইম ব্রাঞ্চ দক্ষিণ গোয়ার মারগাঁও এলাকায় অভিযান চালিয়ে নংথংবাম ইংগোকে গ্রেফতার করেছে।
সূত্রটি জানিয়েছে, গত ১৬ জুন গোয়ায় পৌঁছেছিল জঙ্গি ইংগো। গোয়েন্দা সূত্ৰে এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৫ জুন ইউএপিএ-র অধীনে চাঁদাবাজির এক মামলায় মণিপুর পুলিশ দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করার পর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। ওই তদন্ত থেকেই ইংগোর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে গোয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস