
কলকাতা, ২১ জুন (হি.স.): রবিবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি।
এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার কথা উল্লেখ করে লেখেন, এই ভয়াবহ ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহত সকল যাত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।
তিনি বলেন, আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে, উদ্ধারকাজ তদারকি করতে এবং আহতরা যাতে দ্রুত যথাযথ চিকিৎসা পান তা নিশ্চিত করতে বলেছি।
মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ