
হুগলি , ২১ জুন (হি.স.): কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রার্থনা গৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী কল্যাণেশ্বরানন্দজি মহারাজ। তিনি যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি একাগ্রতা বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিন প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করে। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপন এবং মানসিক প্রশান্তির বার্তাও তুলে ধরা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদ্দেশ্য হল মানুষের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এ বছরও বিদ্যালয়ের প্রার্থনা গৃহে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে দিনভর অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA